আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
“বাংলাদেশে ভারতীয় আধিপত্য আর মেনে নেওয়া হবে না”—এমন বক্তব্যের মধ্য দিয়ে
ঝিনাইদহে অনুষ্ঠিত হলো আমজনতা দলের জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা। সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজনতা দলের ঝিনাইদহ জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান। সভায় বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা
ও স্বনির্ভরতা প্রতিষ্ঠার লক্ষ্যে দলটির ভূমিকার কথা তুলে ধরেন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থানে দলটির একাত্মতা পুনর্ব্যক্ত করেন।
প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দার বাবলু, মাহমুদ হাসান টিপু,
দলের উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ মো. সায়েদুর রহমান, জেলা সদস্য সচিব সাইদুর রহমান সৈকত এবং মুসকার রুবাইয়া মীরা অনুষ্ঠানে পরামর্শমূলক বক্তব্য রাখেন।
আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান বলেন, “ভারতীয় আগ্রাসন ও প্রভাব বিস্তারের বিরুদ্ধে দেশের
যেকোনো আন্দোলনে আমজনতা দল সক্রিয়ভাবে অংশ নেবে।
ভারতীয় পণ্য বর্জনের নীতিতেও আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।”
তিনি আরও বলেন, “দলটি গঠিত হয়েছে জাতীয় স্বার্থ, সুশাসন প্রতিষ্ঠা ও বেকারত্ব নিরসনের লক্ষ্যে।
জুলাই মাসে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণের সঙ্গে
আমরা একযোগে কাজ করতে চাই।”
পরিচিতি সভায় দলের ১১৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এ সময় সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে দলটির পক্ষ থেকে ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।