আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার বাজার সংলগ্ন চিত্রা নদীর উপর নির্মিত বাঁশের
সাঁকো ভেঙে পড়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে স্কুল-
কলেজগামী শিক্ষার্থী ও রোগীবাহী মানুষজন পড়েছেন চরম বিপাকে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে এলেও আজও তা বাস্তবায়ন হয়নি।
তালসার, কামারকুন্ডু, আন্দোলপোতা—এই তিনটি গ্রাম কোটচাঁদপুর উপজেলার জনবহুল এলাকা।
ঝিনাইদহ৷ সদর উপজেলার সুতি, দুর্গাপুর ও হাজীডাঙ্গা গ্রামের মানুষজনও প্রতিদিন যাতায়াত
করেন তালসারে। ঝিনাইদহ সদর থেকে এসব এলাকার দূরত্ব ২২ থেকে ২৫ কিলোমিটার, কিন্তু কোটচাঁদপুর উপজেলা সদরের দূরত্ব মাত্র ৫ থেকে
৭ কিলোমিটার হওয়ায় এখানকার বাসিন্দারা চিকিৎসা, শিক্ষা ও বাজারজাত পণ্যের জন্য তালসার বাজার ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করে থাকেন।
তালসার মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন মাদ্রাসায় প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে এই বাঁশের সাঁকো ব্যবহার
করে। এলাকাবাসী নিজেদের উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে বাঁশ জোগাড় করে এ সাঁকো নির্মাণ করেছিল।
তবে সাম্প্রতিক হালকা বৃষ্টিপাত ও নদীর পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় সাঁকোটি ভেঙে যায়, ফলে এলাকার চলাচলের একমাত্র পথ এখন সম্পূর্ণ অচল।
স্থানীয় বাসিন্দা মোঃ আল আমিন, আসাদুল করীম শাহিন, বদিউজ্জামান,রবিউল ও সবুজ জানান, তালসার ঐতিহ্যবাহী বাজার ঘাটের চিত্রা নদীতে
একটি পাকা সেতু নির্মিত হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে। বিশেষ করে কোমলমতি
শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ, কৃষক ও রোগীদের যাতায়াতে নিরাপদ পথ নিশ্চিত করা যাবে।
তাদের অভিযোগ, বহুবার সরকার পরিবর্তন হলেও প্রতিটি সরকার তালসার ঘাটে সেতু
নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজও বাস্তবায়ন হয়নি। সংবাদমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও স্থানীয় প্রশাসনের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।
এলাকাবাসীর জোর দাবি—চিত্রা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের মাধ্যমে এই দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান হোক।
নতুবা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে।