জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নিরাপদ পানির সুবিধা
পৌঁছে দিতে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে দোস্ত এইড
বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে মোট ৩০টি টিউবওয়েল বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-আমিন। তিনি সুবিধাভোগীদের হাতে টিউবওয়েলের সামগ্রী তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আল-আমিন বলেন,গ্রামীণ দরিদ্র মানুষের জন্য সুপেয় ও নিরাপদ পানি নিশ্চিত করতে দোস্ত এইড
বাংলাদেশ সোসাইটি যে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই সংস্থা দীর্ঘদিন ধরে মানবিক ও
উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে রমজান মাসে তারা ইফতার সামগ্রী,খাদ্য সহায়তা ও
পোশাক বিতরণসহ নানা উদ্যোগ নিয়েছে। আমি আশা করি, ভবিষ্যতেও তারা এই জনকল্যাণমূলক কাজগুলো অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, দোস্ত এইড জীবননগর ব্রাঞ্চ ইনচার্জ
হোসাইন আহম্মেদ, সংগঠনের কর্মকর্তা রমজান আলী ও অনিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ। দোস্ত এইডের কর্মকর্তারা জানান, শুধু টিউবওয়েল সরবরাহই নয়, বরং প্রতিটি
টিউবওয়েল স্থাপন ও পানির মান পরীক্ষা করে তা ব্যবহার উপযোগী করে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি একটি মানবিক উন্নয়ন সংস্থা, যা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর
জন্য পানি সরবরাহ, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভবিষ্যতে জীবননগর উপজেলায় আরও কয়েকটি গ্রামে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।