যথাযথ মর্যাদায় জীবননগরে মহান বিজয় দিবস উদযাপন

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল ৬টায় জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৮টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এরপর মাধবখালী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলায় মুক্তিযুদ্ধভিত্তিক স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়া রহমান এবং জীবননগর উপজেলা সমবায় কর্মকর্তা নূর আলম।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাবেক কমান্ডার দলিল উদ্দীন দলু, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল,

উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান,জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন,জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধীজন। পরে উপজেলা নির্বাহী অফিসার আল আমীনের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা উপজেলার মাধবখালী ৬ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। 

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *