অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পলিয়ানপুর, রাজাপুর, জীবননগর ও কুমিল্লাপাড়া বিওপি এলাকায় পরিচালিত অভিযানে ৫ কেজি ভারতীয় গাঁজা, ৪৬ বোতল ভারতীয় মদ ও ৮৩৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।
একই সঙ্গে কুমিল্লাপাড়া বিওপি এলাকায় টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় এক বৃদ্ধসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ২১ মিনিটে সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।