জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর মহিলা মাদ্রাসাপাড়া এলাকায় রাতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে পিকনিক করার ঘটনায় প্রতিবাদী স্বামী-স্ত্রীর ওপর হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সংঘটিত হয়েছে।
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর মহিলা মাদ্রাসাপাড়ার শওকত আলীর ছেলে ভুক্তভোগী আব্দুল্লাহ (৩৫) জানান, একই এলাকার পিয়াস হোসেন(১৯), আকসাদুল হক(২০), মুজাহিদ হোসেন(১৯) এবং আসমাউল হক(১৯) দীর্ঘদিন ধরে গ্রামে পিকনিকের নামে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে জনবিরক্তির সৃষ্টি করে আসছিল।
তারা একই ভাবে শুক্রবার(২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আব্দুল্লাহর বাড়ির পাশের রাস্তায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাতে থাকেন। এ সময় তিনি বিষয়টি নিষেধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে।
অভিযোগ মতে অভিযুক্ত পিয়াস হোসেন (১৯) একটি আম গাছের শুকনা ডাল দিয়ে আব্দুল্লাহর মাথায় আঘাত করলে তিনি গুরুতর ভাবে আহত হন এবং মাথা থেকে রক্তপাত শুরু হয়। এ সময় আব্দুল্লাহর স্ত্রী সারমিন খাতুন বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এতে তার শরীরে নীলা-ফোলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সাথে অভিযুক্তরা তার পরনের কাপড় টানাহেঁচড়া করে তাকে লাঞ্ছিত করার অভিযোগও তোলা হয়েছে। এসময় প্রতিবেশীরা ছুটে গিয়ে তাদেরকে রক্ষা করেন। জখমী আব্দুল্লাহ পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা গ্রহন করে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরজাম আলী বলেন,ঘটনাটি আমি শুনেছি। তবে কোন মামলা-মোকদ্দমা হয়েছে কিনা জানি না।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে,তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।