জীবননগর ডুমুরিয়া চৌরাস্তা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছে ধাক্কা যুবক নিহত, আহত স্বপনের অবস্থা গুরুতর

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিলন হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা আরও একজন মারাত্মক ভাবে আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমুরিয়া–আন্দুলবাড়ীয়া সড়কের ডুমুরিয়া গ্রামের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন হোসেন জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়া এলাকার আকবার আলীর ছেলে। তিনি পেশায় পাওয়ার টিলার চালক ছিলেন এবং দুই কন্যা সন্তানের জনক। দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের বড় মসজিদপাড়ার মনোয়ার হোসেনের ছেলে স্বপন হোসেন (২৮)। তাকে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর মিলন ও স্বপন মোটরসাইকেল যোগে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে আন্দুলবাড়ীয়া এলাকার একটি ইটভাটায় যান। সেখান থেকে ফেরার পথে ডুমুরিয়া গ্রামের চৌরাস্তার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারের সাথে ধাক্কা দেয়। এতে মিলন হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং স্বপন হোসেন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে সেনেরহুদা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরমান আলী ঘটনাস্থলে যান। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে তার বাড়িতে নেয়া হয়েছে। গুরুতর আহত অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ বিষয়ে থানায় একটি অপপমৃত মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *