শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক সেতুর রেলিং ভেঙে কুমার নদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে ট্রাকের হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ (২৭)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বড়দাহ পুরাতন সেতুতে পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে সরাসরি কুমার নদে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ভোরের দিকে হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল আনুমানিক ৮টার দিকে ট্রাক চালক সোহেল শেখের মরদেহ নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
স্থানীয়দের অভিযোগ, বড়দাহ পুরাতন সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর রেলিং দুর্বল হওয়ায় এবং পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। দ্রুত সেতুটি সংস্কার ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *