জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় মোঃ ফজলুর রহমান (৬০) নামে এক নার্সারি মালিক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি ) সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর–কালীগঞ্জ সড়কের বাঁকা ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ফজলুর রহমান জীবননগর উপজেলার বাঁকা আশতলাপাড়া গ্রামের বাসিন্দা এবং এলাকায় সুপরিচিত ‘ববি নার্সারি’র মালিক। দুর্ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা ফলবোঝাই একটি পিকআপ ভ্যান অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক পার হওয়ার সময় পিকআপটি ফজলুর রহমানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, আহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি আটক করে। তবে দুর্ঘটনার পর চালক পিকআপটি রেখে পালিয়ে যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,পিকআপ গাড়ীটি থানায় আনা হয়েছে। ঘটনার ব্যাপারে এখনও পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান,জীবননগর–কালীগঞ্জ সড়কের ওই অংশে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে, যা পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।