আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ফতেপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম ফারুক খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর থানা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহি।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম পারভেজ লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ উমর আলী ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হবি), মীর মোঃ কবীর হোসেন, সজল মিয়াসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের সকল প্রয়াত নেতৃবৃন্দের আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে দেশবাসীর কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।