সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আইনগত দায়িত্ব পালনের আহ্বান-বাবু খান
জীবননগর অফিস:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের দর্শনা থানা ও পৌর এলাকার পোলিং এজেন্টদের নিয়ে এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এই প্রশিক্ষণকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় দামুড়হুদা উপজেলার দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে দর্শনা থানা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি নিজে উপস্থিত থেকে পোলিং এজেন্টদের উদ্দেশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনের দিন দায়িত্ব পালনে দৃঢ় ও সচেতন থাকার আহ্বান জানান।
প্রশিক্ষণে পোলিং এজেন্টদের ভোট গ্রহণ কার্যক্রম, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট প্রদান ও গণনা প্রক্রিয়া, নির্বাচন সংশ্লিষ্ট আইন-কানুন এবং অনিয়ম প্রতিরোধে করণীয় বিষয়ে বিশদ আলোচনা করা হয়। বিশেষভাবে ভোট গণনার সময় সতর্কতা অবলম্বন ও আইনগত সীমার মধ্যে থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় প্রধান ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী প্রধান এজেন্ট ড. আব্দুস সবুর। তিনি পোলিং এজেন্টদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।

তিনি বলেন, “ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের প্রদত্ত ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত হয়।”
সহকারী ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন। তিনি হাতে-কলমে বিভিন্ন নির্বাচনী ফর্ম পূরণ পদ্ধতি, কারিগরি বিষয় এবং তাৎক্ষণিক সমস্যার সমাধান কৌশল এজেন্টদের বুঝিয়ে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সাহস ও সততার সঙ্গে আইন অনুযায়ী আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাতসহ চুয়াডাঙ্গা জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এই প্রশিক্ষণের মাধ্যমে পোলিং এজেন্টরা নির্বাচনী দায়িত্ব সম্পর্কে আরও সচেতন ও দক্ষ হয়ে উঠবেন এবং নির্বাচনী মাঠে ধানের শীষের কর্মীরা সজাগ ও সংগঠিত ভূমিকা রাখতে সক্ষম হবেন।