আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাব চত্ত্বরে জেলা বিএনপি এ আয়োজন করে। অনুষ্ঠানে ড্যাব নেতা ডা. ইব্রাহীম রহমান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম প্রমুখ।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে ধানের শীষের ভোট চেয়ে একটি গণমিছিল বের করা হয়।
এর আগে বক্তব্যে বিএনপি নেতা এম এ মজিদ বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের সাধারণ মানুষের প্রিয় নেত্রী এবং এক আপসহীন অভিভাবক। তাঁর বিদায় আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। আজ মনে হচ্ছে আমরা আমাদের মাথার ওপরের ছায়া হারিয়ে এতিম হয়ে গেলাম। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং আমাদের এই শোক সইবার শক্তি দান করুন।’
তিনি আরও বলেন, ‘১৬ বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে মামলা দিয়েছে, প্রহসনের বিচারের তাকে জেলে পাঠিয়েছে, জেলে নির্যাতন করা হয়েছে, ন্যূনতম চিকিৎসা তাকে দেওয়া হয়নি। তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার অপচেষ্টা করা হয়েছিল; সেই নির্যাতনের দায় আওয়ামী লীগ ও শেখ হাসিনা কখনো এড়াতে পারবে না।