দর্শনায় ধানের শীষ প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর গণসংযোগ ও পথসভা

চাঁদাবাজি নির্মূল ও ‘দর্শনীয় দর্শনা’ গড়ার অঙ্গীকার
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকধারী মাহমুদ হাসান খান বাবু দর্শনা পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামে আয়োজিত এ পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভাস্থলকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী পরিবেশ ও উৎসবমুখর আবহ তৈরি হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, দর্শনা রাজনৈতিকভাবে সচেতন মানুষের এলাকা। নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র ও উন্নয়ন পূর্ণতা পায় না উল্লেখ করে তিনি বলেন, “যারা নারীদের খাটো করে দেখে বা ঘরের ভেতর সীমাবদ্ধ রাখতে চায়, তাদের রাজনীতি দীর্ঘস্থায়ী হবে না। নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় নারীর সমঅধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা হলে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
বক্তব্যে তিনি বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার।” নির্বাচনে বিজয়ী হলে এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দর্শনাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শহরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
চাঁদাবাজি ও সন্ত্রাস প্রসঙ্গে মাহমুদ হাসান খান বাবু বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি দাবি করেন, অল্পসংখ্যক মানুষের স্বার্থে বৃহত্তর জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হতে পারে না। দর্শনায় চাঁদাবাজির কোনো স্থান থাকবে না বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, চুয়াডাঙ্গায় একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডকে সারা বছর সচল রাখার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয়।
এছাড়া উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা, নতুন শিল্পকারখানা স্থাপন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের কথাও তিনি উল্লেখ করেন।
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানেবিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চুয়াডাঙ্গা–২ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগ ও নির্বাচনী প্রচার শুরু করেছেন। এর অংশ হিসেবে মাহমুদ হাসান খান বাবুর এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *