জীবননগর থানা পরিদর্শনে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মনিরুল ইসলাম 

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ) বিকাল ৪টায় জীবননগর থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
থানায় পৌঁছে পুলিশ সুপার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি থানার ডিউটি ব্যবস্থাপনা, মামলা তদন্তের অগ্রগতি, রেকর্ড সংরক্ষণ পদ্ধতি এবং জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের মেসের খাবারের মান, আবাসন ব্যবস্থা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কেও বিস্তারিত জানতে চান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সদস্যদের কল্যাণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততা বজায় রাখার ওপর জোর দেন। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরার কার্যকর ব্যবহার নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার নির্দেশনা দেন। সকল অফিসার ও ফোর্সকে নিয়মিত ও যথাযথভাবে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ারুল কবীরসহ জীবননগর থানার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *