জীবননগর অফিস:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ (জীবননগর-দামুড়হুদা) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামে বিএনপির উদ্যোগে একটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আয়োজিত এ সমাবেশে স্থানীয় নারী ভোটার ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারী ভোটারদের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়েই এ সমাবেশের আয়োজন করা হয়।
দর্শনা পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

বক্তব্যে তিনি বলেন,নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন ছাড়া টেকসই সামাজিক অগ্রগতি সম্ভব নয়। নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হলে পরিবার ও সমাজে নৈতিক শিক্ষার প্রসার জরুরি।”
তিনি আরও বলেন, দর্শনা পৌরসভা ও গ্রামাঞ্চলে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। নারীরা যেন হয়রানি ও বৈষম্য ছাড়াই কর্মক্ষেত্রে অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
নারীর ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে বাবু খান বলেন, “বিএনপি সরকারের সময় বিধবা ভাতা ও বয়স্ক ভাতা চালু করা হয় এবং মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হয়।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে, যার মালিকানা থাকবে পরিবারের প্রধান নারী সদস্যের হাতে। এর মাধ্যমে পরিবারভিত্তিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালুর কথাও উল্লেখ করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম বিশ্বাসের কন্যা ও কেন্দ্রীয় কৃষক দলের নেতা মিলি বিশ্বাস, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, পৌর বিএনপির সমন্বয়ক মাহাবুবুল ইসলাম খোকন, সাবেক সভাপতি হাজী খন্দকার শওকত আলী, সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান, সমন্বয়ক সাংবাদিক শরীফ উদ্দীন শরীফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অংশ নেওয়া নারী ভোটাররা আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে বক্তারা নারীর সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চুয়াডাঙ্গা-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার-প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ ধরনের সমাবেশের মাধ্যমে নারী ভোটারদের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।