জীবননগর আন্দুলবাড়িয়ায় স্কুলছাত্রীকে ফুসলিয়ে অপহরণের অভিযোগ: দু’কিশোর যুবক গ্রেফতার 

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকা থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে। এঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছেন জীবননগর থানা পুলিশ।
জীবননগর থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ০২ ফেব্রুয়ারি সকাল ৯.৫০ মিনিটে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া খাঁ-পাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী আন্দুলবাড়িয়ার একটি মাধ্যমিক বিদ্যালযের নবম শ্রেনীর শিক্ষার্থী। ওই শিক্ষার্থী প্রতিদিনের মত ঘটনার দিন সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নির্ধারিত সময়ের পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং তারা খোঁজাখুঁজি শুরু করতে থাকেন।
ভুক্তভোগীর মা পরে এ ঘটনায় জীবননগর থানায়  লিখিত অভিযোগ করে যে, উপজেলার বিদ্যাধরপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে রাকিবুল হাসান ওরফে অরণ্য (১৯)পূর্ব থেকেই তার মেয়েকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন সকাল  ৯.৫০ মিনিটে রাকিবুল হাসান অরণ্যসহ আরও ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি আন্দুলবাড়িয়া খাঁ-পাড়া মোড় থেকে তার মেয়েকে ফুসলিয়ে ও নানান প্রলোভন দেখিয়ে ভ্যান যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরিবারের পক্ষ থেকে প্রথমে অভিযুক্তের অভিভাবকদের জানানো হলেও কোনো কার্যকর প্রতিকার না পেয়ে ০৬ ফেব্রুয়ারি ১২টার দিকে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ নিয়মিত মামলা রুজু করে তদন্ত কার্যক্রম শুরু করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাকিবুল হাসান ওরফে অরণ্য (১৯) ছাড়াও  পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের রমজান আলীর ছেলে রুবেল হোসেনকে(২৭) গ্রেফতার করেন। অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এলাকাবাসীর দাবি ঘটনাটি অপহরন নয়,প্রেমের টানে পালিয়ে যাওয়ার ঘটনা।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অপহরণের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *