শহিদুল ইসলাম,মহেশপুর, সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে ভারতীয় ফেন্সিডিল, ভায়াগ্রা ট্যাবলেট, বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ এবং ইমিটেশন কসমেটিক্স উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, ৬ ও ৭ ফেব্রুয়ারি ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
গত ৬ ফেব্রুয়ারি দুপুরে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৩/২-এস সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরদিন ৭ ফেব্রুয়ারি ভোররাতে যাদবপুর বিওপি’র আওতাধীন বেদবাড়ীয়া গ্রামে পৃথক দুটি অভিযানে ১৮৩ পিস ভায়াগ্রা ট্যাবলেট ও ৪৯০ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ উদ্ধার করা হয়। একই দিন ভোরে শ্যামকুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ইমিটেশন কসমেটিক্স জব্দ করা হয়।
এ ছাড়া ৬ ফেব্রুয়ারি রাতে বাঘাডাঙ্গা বিওপি’র নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক পুরুষ ও এক নারীসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)–এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পারাপার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য নিরূপণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে বিজিবির এই অভিযান অব্যাহত রয়েছে।