জীবননগরে ৫৯ ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তায় বহুমাত্রিক প্রস্তুতি

জীবননগর অফিস:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৫৯টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জীবননগর সদর উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্স,সিল,স্ট্যাম্প প্যাড,ভোটার তালিকা,ফরম,সিলগালা খামসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিতরণ কার্যক্রম শুরু হয়ে দিনব্যাপী চলে। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্বাক্ষর গ্রহণের মাধ্যমে সরঞ্জাম বুঝে নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে এসব সরঞ্জাম নিজ নিজ কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ,উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
ইউএনও মো. আশরাফুল আলম রাসেল জানান, “উপজেলার সবগুলো ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী যথাসময়ে পৌঁছে দেওয়া হচ্ছে। সরঞ্জাম পরিবহন থেকে শুরু করে কেন্দ্রে সংরক্ষণ পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।”
তিনি আরও বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রভিত্তিক ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভোটগ্রহণ কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় থাকবে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, “ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য এবং ২ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি টহল ও মোবাইল টিম প্রস্তুত রাখা হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে,ভোটগ্রহণের আগের রাত থেকেই কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। ভোটের দিন কেন্দ্র এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রস্তুতির এ ধারাবাহিকতায় জীবননগরে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *