জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুইটি অভিযানে ভারতীয় মদ ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এসব অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি আনুমানিক ১৭৫০ ঘটিকায় ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৫৯/১-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুল মিয়ার ভুট্টা ক্ষেতের দক্ষিণ পার্শ্বে তল্লাশি চালিয়ে আসামীবিহীন অবস্থায় ২০৪৮ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঔষধের মধ্যে রয়েছে ডেক্সামেথাসন, সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড এবং সাফ ফাঙ্গিসাইড।
এছাড়া একই দিন সন্ধ্যা ৬ টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ৬২/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুঘাপুর গ্রামের আমিন হোসেনের আম বাগানে তল্লাশি চালিয়ে ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযান দুটি যথাক্রমে হাবিলদার মোহাম্মদ শহিদুল ইসলাম ও হাবিলদার মোঃ শহর আলীর নেতৃত্বে পরিচালিত হয়।

এ ব্যাপারে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার ফলে এসব অবৈধ পণ্য উদ্ধার সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, উদ্ধারকৃত মদ ও ঔষধ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।