আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ইফতারের অন্যতম অনুষঙ্গ মুড়িকে নিরাপদ রাখতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঝটিকা অভিযান চালিয়েছে প্রশাসন। মুড়িতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইউরিয়া সারের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
যেভাবে মেশানো হচ্ছে বিষ
অনুসন্ধানে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী মুড়িকে অস্বাভাবিক বেশি ফোলা ও আকর্ষণীয় সাদা রং দিতে চাল ভেজানোর সময় পানিতে ইউরিয়া সার মিশিয়ে দেন। অধিক মুনাফার লোভে ইউরিয়ার পাশাপাশি সোডিয়াম হাইড্রোসালফাইটসহ বিভিন্ন ক্ষারজাতীয় রাসায়নিকও ব্যবহার করা হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এসব রাসায়নিক মিশ্রিত মুড়ি খেলে রক্তের হিমোগ্লোবিনের কার্যকারিতা কমে যাওয়া, কিডনি বিকল হওয়া এবং দীর্ঘমেয়াদে শরীরে বিষক্রিয়া তৈরি হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এই ঝুঁকি আরও বেশি।
সরেজমিন অভিযান
প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগে সংগৃহীত দুটি নমুনায় ইউরিয়ার উপস্থিতি শনাক্ত হওয়ায় আজ সরেজমিনে কারখানা দুটিতে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, শুধু ইউরিয়া ব্যবহারই নয়, লেভেলিং প্রক্রিয়ায় ত্রুটি, শ্রমিকদের স্বাস্থ্য সনদের অভাব এবং বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে মুড়ি রেখে প্যাকিং করা হচ্ছিল।
অভিযানটি পরিচালনা করেন হরিণাকুণ্ডু উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক নিশাত মেহের এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সাধন সরকার।
প্রশাসনের বক্তব্য ও সতর্কতা
অভিযান শেষে নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার বলেন, “ভোক্তাসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পরীক্ষায় ইউরিয়া পাওয়ায় এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে:
অতিরিক্ত সাদা ও অস্বাভাবিক উজ্জ্বল মুড়ি কেনা থেকে বিরত থাকুন। অস্বাভাবিক ফোলা মুড়ি এড়িয়ে চলুন। সব সময় বিশ্বস্ত উৎস থেকে খাদ্যপণ্য ক্রয় করুন।
আসন্ন রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে যেকোনো অনিয়ম দেখলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।