জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে এক ভাড়া বাসায় দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাসার তালা ভেঙে নগদ তিন লাখ টাকা ও প্রায় সাড়ে চার লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে অজ্ঞাতনামা চোর বা চোরেরা। ঘটনাটি মঙ্গলবার(১৭ জানুয়ারি) সকাল ৮.৪০ মিনিট থেকে দুপুর ১২.৪৫ মিনিটের মধ্যে সংঘটিত হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের ধারণা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের দিশেহারা হয়ে পড়েছেন। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী লতিফুর রহমান (৪৫) মহানগর উত্তরপাড়ার জনৈক আশাদুল হকের বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে ২০১২ সাল থেকে বসবাস করে আসছেন। তিনি উপজেলার পিয়ারাতলা ফল বাজারের একজন ফল ব্যবসায়ী এবং তার স্ত্রী পরিবার-পরিকল্পনা বিভাগে চাকুরি করেন। তারা উভয়ই স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করার সুযোগে তালাবদ্ধ ভাড়া বাসায় চোরেরা প্রবেশ করে।
অভিযোগ অনুযায়ী, চোরেরা কৌশলে মূল দরজার তালা ভেঙে বা খুলে ঘরে প্রবেশ করে। পরে ঘরের ভিতরে থাকা প্লাস্টিকের ওয়ারড্রপে রাখা নগদ ৩ লাখ টাকা এবং স্টিলের আলমারির তালা ভেঙে এক জোড়া সোনার চুড়ি,একটি সোনার চেইন চুরি করে নিয়ে যায়। নগদ টাকাসহ ৭ লাখ ২১ হাজার ৮৭৫ টাকা চুরি সংঘটিত হয়েছে।
ভুক্তভোগী লুৎফর রহমান বলেন,আমি দুপুর ১২.৪৫ মিনিটের সময় বাসায় ফিরে ঘটনা দেখে হতবাক হয়ে পড়ি। চোর বা চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির সাথে ঘরের তালাও চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) রিপন কুমার দাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় টহল জোরদারসহ সন্দেহভাজনদের শনাক্তে কাজ করা হবে বলেও জানা গেছে।