জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের একতারপুর গ্রামের সুমন আহম্মেদ ওরফে সুমন(৩৫) নামের এক যুবককে একটি মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। সুমনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালত যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সেই মামলায় সুমন আত্মগোপনে ছিল। পুলিশ তাকে একতারপুর গ্রাম থেকে সোমবার গভীর রাতে গ্রেফতার করেন। অন্যদিকে উপজেলার বৈদ্যনাথপুর গ্রাম থেকে এক বছরের সাজাপ্রাপ্ত মুক্তি খাতুনকে(৪০) মঙ্গলবার সকালে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানার এএসআই রেজা ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একতারপুর গ্রামে সঙ্গীয় ফোর্সহ অভিযান পরিচালনা করেন। এসময় কৌশলে সুমনকে গ্রেফতার করেন। সুমন একতারপুর গ্রমের ঈদগাহপাড়ার মৃত রবিউল খাঁর ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হজার জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। পুলিশ আদালতের গ্রেফতারী পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করেন।
এদিকে জীবননগর থানার এএসআই আহসান মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করেন এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত মুক্তি খাতুনকে গ্রেফতার করেন। মুক্তি খাতুন বৈদ্যনাথপুর গ্রামের কওছার আলীর স্ত্রী। তার বিরুদ্ধে মহেশপুর আদালতের একটি সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হয়। পুলিশ সেই গ্রেফতারী পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করেন।