সংসদে শপথ নিলেন প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

বিশেষ প্রতিনিধি:-
তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথ শেষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত আমন্ত্রিত অতিথি, জ্যেষ্ঠ রাজনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা হাততালির মাধ্যমে শুভেচ্ছা জানান। শপথগ্রহণ শেষে প্রধানমন্ত্রী শপথপত্রে স্বাক্ষর করেন এবং নির্ধারিত আসনে আসীন হন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন।

রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন-মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আবু জাফর মো: জাহিদ হোসেন, খলিলুর রহমান, আবদুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মো: আমিনুর রশিদ, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবীব দুলু, মো: আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দিপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম। শপথের পর তারা শপথপত্রে স্বাক্ষর করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

মন্ত্রীদের শপথ শেষে প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন—
এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো: শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো: আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মো: আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সরকার গঠনের আমন্ত্রণ পান। সেই ধারাবাহিকতায় ত্রয়োদশ সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে নতুন মন্ত্রিসভা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের সামনে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, প্রশাসনিক সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মতো চ্যালেঞ্জ রয়েছে। শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু হলো।শিগগিরই মন্ত্রিপরিষদের দপ্তর বণ্টন ও কার্যপরিধি নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *