
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় রেললাইনের একটি লোহার পাত (ফিশপ্লেট) ভেঙে যাওয়ায় প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তাৎক্ষণিক ভাবে বিষয়টি শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা আন্ত:নগর রূপসা এক্সপ্রেস উথলী ফার্মগেট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। ট্রেনটি চলে যাওয়ার পর দায়িত্বে থাকা গেইটম্যান মনিস কুমার শর্মা লাইনের একটি অংশে ভাঙন দেখতে পান। প্রায় ৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি লোহার পাত ভেঙে পাশের দিকে ছিটকে পড়ে ছিল বলে তিনি জানান।
গেইটম্যানের ভাষ্য অনুযায়ী, ঘটনা টের পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী স্টেশন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আশপাশের স্টেশনগুলোতে ট্রেন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং কিছু ট্রেন নির্ধারিত স্টেশনে আটকে রাখা হয়।

উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী আপ আন্তঃনগর রূপসা এক্সপ্রেস স্টেশন অতিক্রমের পর লাইনের ফিশপ্লেট ভেঙে যায়। এতে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তবে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয় এবং পুরো বিষয়টি প্রকৌশল বিভাগকে জানানো হয়।
সকাল সাড়ে ১১টার দিকে মোবারকগঞ্জ প্রকৌশল বিভাগ থেকে অ্যাসিস্ট্যান্ট সাব-ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি টেকনিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত কাজ শুরু করে। মেরামত চলাকালে ঝুঁকিপূর্ণ অংশে গতি সীমিত করে সতর্কতার সঙ্গে পর্যায়ক্রমে চিত্রা এক্সপ্রেস (আপ), সুন্দরবন এক্সপ্রেস (ডাউন), রকেট এক্সপ্রেস (আপ) এবং একটি মালবাহী ট্রেন (ডাউন) পার করা হয়।

দুপুর ২টার দিকে মেরামত কাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত চাপ, পুরনো সংযোগ অংশের দুর্বলতা বা যান্ত্রিক ত্রুটির কারণে ফিশপ্লেটটি ভেঙে যেতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য উদ্বেগ দেখা দেয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে লাইনের ঝুঁকিপূর্ণ অংশগুলো নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ জোরদার করা হবে।