জীবননগর রায়পুরে সংবর্ধিত হলেন এমপি রুহুল আমিন: উন্নয়নের দাবিতে সরব ইউনিয়নবাসী

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা-র রায়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর হাইস্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর ইউনিয়ন শাখার সভাপতি আমির হামজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা তারবিয়াতি সেক্রেটারি মো. জিয়াউর রহমান, জীবননগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী হযরত মাওলানা হাফিজুর রহমান ও মো. সাজেদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া জীবননগর উপজেলা আমির এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন রায়পুর ইউনিয়নবাসীকে আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানান। এ সময় ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত দাবি তুলে ধরেন স্থানীয়রা। তিনি মনোযোগ দিয়ে দাবিগুলো শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের আশ্বাস দেন।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। পূর্বে উন্নয়ন কাজে কমিশন নেওয়ার অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই কাজ করতে হবে। ব্যক্তিগতভাবে কোনো কমিশনের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি সৎ ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সৃষ্টি ও মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। জনকল্যাণমূলক কাজে কোনো ধরনের বাধা সহ্য করা হবে না বলেও তিনি মন্তব্য করেন। চুয়াডাঙ্গা জেলাকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে দল-মত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *