বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি হাসপাতালগুলো সাধারণ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল। তাই হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা সবার দায়িত্ব। জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা জামায়াতের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে হাসপাতাল চত্বর, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, কেবিন, করিডোর, বাথরুম ও ড্রেনেজ লাইন পরিষ্কার করা হয়। জমে থাকা আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার এবং রোগী ও স্বজনদের সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণও করা হয় বলে আয়োজকরা জানান।
এ সময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি আহসান হাবীব শামীম, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, বলুহর ইউনিয়ন
জামায়াতের আমীর শাহ আলম, সাফদারপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জুবায়ের হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, সংক্রমণের ঝুঁকি কমানো এবং হাসপাতালকে আরও সেবাবান্ধব করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান।
এর আগে একই ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ। সেখানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি রোগী ও স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে রোগীদের ভোগান্তি কমবে এবং চিকিৎসাসেবার সামগ্রিক পরিবেশ আরও উন্নত হবে।