জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫: শীর্ষে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়

জীবননগর অফিস:
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫–এর ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়ে শীর্ষ অবস্থান অর্জন করেছে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর জীবননগর উপজেলা থেকে মোট ৩৮৫ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফলে উপজেলায় মোট ৪৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুলে এবং ৩৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বিদ্যালয়ভিত্তিক ফলাফলে দেখা যায়, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১০ জন এবং সাধারণ গ্রেডে ১৩ জন—মোট ২৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যা উপজেলায় সর্বোচ্চ।
এছাড়া জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ১১ জন—মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
অন্য বিদ্যালয়গুলোর মধ্যে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ৩ জন, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১ জন এবং কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি অর্জনের বিষয়ে জানতে চাইলে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন,“শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবক ও ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।” তিনি ভবিষ্যতেও ধারাবাহিক সাফল্য ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপজেলার শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ফলাফল জীবননগরের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের ইতিবাচক প্রতিফলন। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পাশাপাশি গর্বের অনুভূতি বিরাজ করছে। শিক্ষার্থীদের এই অর্জন আগামী দিনে আরও ভালো ফলাফলের অনুপ্রেরণা জোগাবে বলেও মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *