জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাটাপোল মাঝপাড়া এলাকায় দিনে-দুপুরে এক বসতবাড়িতে এক দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৬ ভরি ওজনের স্বর্ণালংকার,যার বর্তমান বাজার মূল্য ১৫ লাখ টাকা,চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি মঙ্গলবার বিকাল ৫ টার দিকে সংঘটিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলার হাসাদহ ইউনিয়নের কাটাপোল মাঝপাড়া গ্রামের শাহিন হোসেন(৪২) এক লিখিত অভিযোগে জানান যে, মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি)বিকাল ৫টার দিকে তার স্ত্রী শিরিনা বেগম বাড়ির অদূরে ছাগল খুঁজতে বের হন। এ সময় বাড়িতে অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
এই সুযোগে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বসতঘরে প্রবেশ করে। তারা প্রথমে ঘরের একটি কক্ষ থেকে ওয়ারড্রপের ড্রয়ারের তালার চাবি সংগ্রহ করে। পরে সেই চাবি ব্যবহার করে ড্রয়ার খুলে ভিতরে সংরক্ষিত স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে বিভিন্ন ধরনের গহনা ছিল, যার মোট ওজন প্রায় ৬ ভরি হবে।
কিছুক্ষণ পর শিরিনা বেগম বাড়িতে ফিরে এসে ঘরের অবস্থান অস্বাভাবিক দেখতে পান। ওয়ারড্রপের ড্রয়ার খোলা এবং স্বর্ণালংকার উধাও দেখে তিনি হতবাক হয়ে পড়েন। পরে বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের জানানো হয়।
ভুক্তভোগী শাহিন হোসেনের ধারণা,চোর চক্রটি পূর্বপরিকল্পিত ভাবে বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তারা বাড়ির ভেতরের অবস্থান এবং চাবির অবস্থান সম্পর্কে পূর্ব ধারণা রাখত বলেও সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়দের মাঝে চুরির এ ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার আতিকুল ইসলাম সন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চুরির ঘটনাটি একটি দূর্ধর্ষ ঘটনা। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।তবে ঘটনার বিষয়টি বিশেষ কৌশলে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনে সোপর্দ করা হবে।