জীবননগর পুরন্দরপুরে পুলিশের মাদক বিরোধী অভিযান: এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার দুই চাকমাসহ তিনজনকে গ্রেফতার

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছেন।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ এর নেতৃত্বে এসআই আসলাম ও এএসআই জসিম উদ্দিন এবং এএসআই খালিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলেন।এ সময় গোপন তথ্যের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল হাসাদহ ইউনিয়নের পুরন্দরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশি কালে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে-জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের শুকুর আলীর ছেলে জিয়াউর রহমান(৩৫),রাঙ্গামাটি জেলার শুভলং থানার পাগলা সুরা এলাকার সৈমাংপু চাকমার ছেলে রিপমন চাকমা(৩২) ও মং পূজাইনের ছেলে মং চাকমা(২৮)।এলাকায় তারা খাঁটি মধু বিক্রির আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। তবে এ ঘটনায় সহজ-সরল জিয়াউর রহমান আটকের বিষয়টি গ্রামবাসীর মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জীবননগর থানায় ঘটনার ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।তাদেরকে শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *