জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর বিভিন্ন বিওপি’র সদস্যরা। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়,বৃহস্পতিবার(২৬ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৪৭/৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর গ্রামের মোঃ শরিফুলের পটল ক্ষেতের মধ্য থেকে ৩৩ বোতল ভারতীয় মাদক সিরা উদ্ধার করা হয়। হাবিলদার মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত সিরাপগুলোতে Codeine Phosphate ও Triprolidine Hydrochloride (ESKUF) উপাদান রয়েছে বলে জানা গেছে।যা বাংলাদেশে মাদক হিসেবে বিবেচিত। তবে অভিযানের সময় কোনো আসামিকে আটক করা যায়নি।
একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর সীমান্তবর্তী রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭৪-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর,হালদারপাড়া গ্রামের মাঠে শ্রী নিমাই হালদারের কলা বাগানের মধ্যে থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।হাবিলদার সঞ্জয় কুমার সিংহের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সুত্র জানিয়েছে।
এর আগে একই দিন রাত ১২টার দিকে মহেশপুর উপজেলার খোশালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬০/১০৩-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মোঃ সাইফুল ইসলামের ভুট্টা ক্ষেতের পার্শ্ব থেকে আসামীবিহীন ভারতীয় ইমিটেশন কসমেটিক্স (চুড়ি,কানের দুল,চেইন ইত্যাদি) উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত মালামাল জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)এর সহকারী অধিনায়ক মুন্সী ইমদাদুর রহমান সাক্ষরিত এক বার্তায় জানান,জীবননগর ও মহেশপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জনসাধারণকে মাদক ও চোরাচালান সংক্রান্ত যেকোনো তথ্য বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে