জীবননগর হাসপাতালে ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে এমপি রুহুল আমিন ৬ মাসের মধ্যে হাসপাতালে অপারেশন থিয়েটার চালুর আশ্বাস

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। শুক্রবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এবং নিজ হাতে ঝাড়ু ও দা দিয়ে হাসপাতাল চত্বরে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করেন।

হাসপাতাল সূত্র জানায়,নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ উদ্যোগ নেয়া হয়। এমপি রুহুল আমিন প্রথমে হাসপাতালের সামনের অংশে জমে থাকা ঝোপঝাড় অপসারণ করেন। পরে ভবনের পেছন ও আশপাশের এলাকাও পরিষ্কার করেন। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন সংসদ সদস্য রুহুল আমিন। সভায় হাসপাতালের বিভিন্ন অবকাঠামোগত ও জনবলসংকটের বিষয় উঠে আসে। সংশ্লিষ্টরা জানান,৩১ শয্যার জনবল কাঠামো দিয়ে বর্তমানে ৫০ শয্যার সেবা পরিচালিত হচ্ছে। এছাড়া কিছু জনবল অন্যত্র সংযুক্ত (ডেপুটেশন) থাকায় নিয়মিত সেবা কার্যক্রমে চাপ সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে এমপি রুহুল আমিন বলেন,সংযুক্তি বাতিল করে প্রয়োজনীয় জনবল ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। তিনি চিকিৎসকদের প্রতি অপ্রয়োজনীয়ভাবে রোগী রেফার না করার আহ্বান জানান এবং আন্তরিকতার সাথে সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

সভায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কুমার ও আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোস্তাফিজুর রহমান সুজনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য সাংবাদিকদের বলেন,হাসপাতালের সার্বিক পরিবেশ আগের তুলনায় উন্নত হয়েছে এবং পরিচ্ছন্নতা সন্তোষজনক। তবে দীর্ঘদিন ধরে বিকল থাকা এক্স-রে মেশিন দ্রুত মেরামতের প্রয়োজন রয়েছে। অন্যান্য যন্ত্রপাতি সচল থাকলেও কিছু ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন,নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে অপারেশন থিয়েটার চালুর লক্ষ্যে কাজ করা হবে। এজন্য একজন অ্যানেস্থেসিয়োলজিস্ট নিয়োগ হলেই অস্ত্রোপচার সেবা শুরু করা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থানীয়ভাবে প্রাথমিক ও মাধ্যমিক চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অপারেশন থিয়েটার চালু হলে স্থানীয় রোগীদের জেলা শহর বা অন্যত্র যাওয়ার প্রয়োজন কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *