আসাদুজ্জামান খান: দুর্নীতিতে জড়ালে শোকজ নয়,হবে মামলা ১৩৩ অধ্যাদেশ বিল আকারে সংসদে তোলা হবে

অপু দাস,ঝিনাইদহ:

সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, “কেউ দুর্নীতিতে জড়ালে শুধু শোকজ করেই দায় সারা হবে না; সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও বিচারকদের সঙ্গে পৃথক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, “অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলো আমরা বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন করব। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই ওই সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রত্যেকটি বিল আকারে পেশ করা হবে।”

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষায় এবং সংসদীয় পর্যালোচনার মাধ্যমে আইন প্রণয়নের স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আইনমন্ত্রী আরও বলেন, মাদক, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও সহিংসতা দমনে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। “গুটিকয়েক দুষ্কৃতিকারীর কারণে সরকারের ইতিবাচক কার্যক্রমের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না,”—বলেন তিনি।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার আইনের বিধান অনুসারে ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্তদের বিচার করতে বদ্ধপরিকর। তিনি জোর দিয়ে বলেন, “আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার আপসহীন।”

নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। “অপরাধীদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে,”—হুঁশিয়ারি দেন মন্ত্রীসভায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের এমপি মো. আবু তালিব, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মো. মাহফুজ আফজালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

দুর্নীতিবিরোধী অবস্থান,অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো সংসদে উত্থাপনের অঙ্গীকার, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রশাসনের নিরপেক্ষতা এবং নারী-শিশু নির্যাতন দমনে কঠোর পদক্ষেপ এসব বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন আইনমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *