দেশের রপ্তানি আয়ের সিংহভাগ অবদান রাখা তৈরি পোশাক
শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি
ঢাকা অফিস:
দেশের তৈরি পোশাক শিল্পখাত থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মানে সংবর্ধনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রাজধানীর আর্মি গলফ ক্লাব-এর গলফ গার্ডেনে অনুষ্ঠিত এ আয়োজনে সরকারের দায়িত্বশীল প্রতিনিধি, শিল্পখাতের শীর্ষ উদ্যোক্তা, বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ সদস্য এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমীন।
শিল্পখাতের প্রতিনিধিত্ব বৃদ্ধি, প্রত্যাশা ও বাস্তবতা:-
অনুষ্ঠানের শুরুতে বিজিএমইএ সভাপতি নির্বাচিত সংসদ সদস্য ও অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। সভাপতির বক্তব্যে মাহমুদ হাসান খান বলেন, দেশের রপ্তানি আয়ের সিংহভাগ অবদান রাখা তৈরি পোশাক শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। জাতীয় সংসদে এ খাত থেকে প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় নীতিনির্ধারণী পর্যায়ে শিল্পের বাস্তব সমস্যা ও সম্ভাবনা আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। এ প্রেক্ষাপটে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিয়োগ, সবুজ কারখানা স্থাপন, পণ্যের বৈচিত্র্য এবং মূল্য সংযোজনের ওপর গুরুত্বারোপ করা জরুরি। একই সঙ্গে শ্রমিকদের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে শিল্পমালিকদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
নীতি সহায়তা ও বাজার সম্প্রসারণের আহ্বান:-
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, সরকার রপ্তানিমুখী শিল্পের টেকসই বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে বদ্ধপরিকর। তিনি রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং বাণিজ্য সুবিধা সম্প্রসারণে সরকার ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
বিশেষ অতিথিরা শিল্পের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন ও নগর পরিকল্পনায় শিল্পবান্ধব উদ্যোগ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমীন দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং প্রবাসী শ্রমবাজারের সঙ্গে শিল্পখাতের সংযোগ জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের বার্তা:
অনুষ্ঠানে বিজিএমইএ’র অফিস বেয়ারার, পরিচালনা পর্ষদের সদস্য, সাধারণ সদস্য, দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিল্পের সামনে বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগী দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত কৌশল গ্রহণের আহ্বান জানান।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, শিল্পখাত থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে নীতিনির্ধারণী পর্যায়ে পোশাক শিল্পের স্বার্থ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন আরও শক্তিশালী হবে।