জীবননগরে দুই পিস ইয়াবাসহ যুবক আটক: ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে দুই পিস ইয়াবাসহ আটক মো. আশিক (২১) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকে জীবননগর উপজেলার মকসুদ সুপার মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।
দণ্ডপ্রাপ্ত আশিক জীবননগর পৌরসভার তেতুলিয়া গ্রামের বাসিন্দা এবং আরিফ উদ্দীনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবননগর থানা-পুলিশ মকসুদ সুপার মার্কেট এলাকার একটি দোকান থেকে আশিককে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(১) ধারার সারণী অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও কারাভোগের বিধান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, “মাদকসহ আটক করার পর ইউএনও স্যারকে জানানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *