জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের মাঠে ভাগ্নের লিজ নেয়া জমির ফলের বাগান নিজের মামা ও মামাতো ভাই ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি বুধবার(৪ মার্চ) সকাল দশটার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় দিশেহারা ভাগ্নে শাহজান বিশ্বাস লিটন(৫৫) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলার উথলী বিশ্বাসপাড়ার মৃত শফিউদ্দিন বিশ্বাসের ছেলে শাহজান আলী বিশ্বাস লিটন জানান,উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে তার আপন মামা শহিদুল ইসলাম ও অপর মামাতো ভাই লিপন হোসেনদের সন্তোষপুর-দেহাটি সড়কের পাশে থাকা দুই বিঘা ৫ কাঠা কৃষি জমি মৌখিক চুক্তিতে লিজ গ্রহন করেন।প্রতি বছর লিটন ও তার পার্টনার নাসিরুল যথারীতি লিজের টাকা পরিশোধ করে আসছে এবং বেশ কয়েক বছর ধরে সেই জমিতে বিভিন্ন ফলের বাগানের পাশাপাশি সাথী ফসলের আবাদ করে আসছে।প্রতি বছর লিজের টাকা পরিশোধের শর্তে তারা ২০৩৪ সাল পর্যন্ত ওই জমিতে চাষাবাদ করবে বলে কথা ছিল।
ভুক্তভোগী লিটনের দাবি তাদের চলতি বছরের লিজের টাকা পরিশোধ করে সেই জমিতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা মোতাবেক জমিতে ৩০০টি চায়না থ্রি-কমলা গাছ,৬০০টি আপেল কুল গাছ, ৩০০টি চাপা কলা গাছ এবং সাথী ফসল হিসেবে বিভিন্ন ধরনের সবজি আবাদ করে আসছিলেন।

এ অবস্থায় লিটনের মামা শহিদুল ইসলাম ও মামাতো ভাই লিপন হোসেন বুধবার সকাল ১০ টার দিকে ট্রাক্টর দিয়ে জমির সব ফলের গাছ চষে ফেলে জমি সম্পূর্ণ ফাঁকা করে দেয়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।এ ঘটনায় প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয্।
প্রত্যক্ষদর্শীরা জানান,অভিযুক্তরা ভুক্তভোগীদের যে ক্ষতি করেছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না।এ ক্ষতি কোন ভাবেই তোলা সম্ভব নয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর পরই তদন্তকারী অফিসার নিয়োগ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।