জীবননগর অফিস:-
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন, আলোচনা সভা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লাবিব হাসান।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় জীবননগর উপজেলার নারায়ণপুর মোড়ে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইবরাহিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জীবননগর উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ এবং মাওলানা সাজেদুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ ফাহিম উস সাঈফ।
সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও সুশিক্ষার আলোকে গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। একটি ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠায় তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে সংগঠনটি কাজ করছে।
বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত নেতৃত্বের মাধ্যমে জীবননগর উপজেলা এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও আদর্শিক চেতনা জাগ্রত করতে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।