জীবননগর-মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, বাংলাদেশী ও ভারতীয় নাগরিক আটক

শহিদুল ইসলাম,নহেশপুর সংবাদদাতা:-
ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের আটক করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ–এর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)–এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ ও ৬ মার্চ মহেশপুর উপজেলার সীমান্তবর্তী উথলী, মাধবখালী, বেনীপুর ও যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ৮৬ বোতল ভারতীয় মদ, ৭ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল মাদক সিরাপ, ৩০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং ৪৭২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে একই সময় মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত গমনের সময় ৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা গেলেও অন্যদের বিস্তারিত পরিচয় যাচাই করা হচ্ছে। পরে আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানা–এ সোপর্দ করা হয়েছে।
এছাড়া শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় একই পরিবারের সাতজন ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে একজন দম্পতি এবং তাদের পাঁচ সন্তান রয়েছে। পরবর্তীতে তাদেরও মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *