জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর থানার চৌকস পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর আসলাম আলীর সাঁড়াসি অভিযানে উপজেলার ধোপাখালী গ্রাম থেকে ফেনসিডিলের বিকল্প ভারতীয় উইনসেরেকস ও ফেয়ারডিল সিরাপ আটক করা হয়েছে।তবে এসময় মাদক কারবারী শামীম হোসেন পালিয়ে রক্ষা পায়।শুক্রবার(৬মার্চ) রাত ১১ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।এ ঘটনায় শামীম হোসেনকে পলাতক আসামী করে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামে শুক্রবার রাত ১১ টার দিকে জীবননগর থানার সাব-ইন্সপেক্টর আসলাম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।এসময় তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ধোপাখালী গ্রামের মোস্তফা মাস্টারের ছেলে শামীম হোসেন বাড়ীতে বিপুল পরিমানে ভারতীয় ফেনসিডিল মজুদ করেছেন।
এ সংবাদের ভিত্তি সাব-ইন্সপেক্টর আসলাম আলী জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেথ ও অফিসার ইনচার্জ(তদন্ত) রিপন কুমার দাস এবং অফিসার ইনচার্জ(অপারেশন) আতিয়ার রহমানের নেতৃত্বে শামীম হোসেনের বাড়ীতে অভিযান শুরু করেন।এসময় শামীম হোসেন পুলিশে উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে।পুলিশ এসময় তার বাড়ী থেকে ৯৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলের বিকল্প উইনসেরেকস ও ফেয়ারডিল নামক মাদক উদ্ধার করেন।

স্থানীয়দের মতে শামীম হোসেন অত্যন্ত কৌশলবাজ এবং ধূর্ত প্রকৃতির। সে এলাকায় সুকৌশলে দীর্ঘদিন ধরে প্রশাসন ও এলাকার মানুষের চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার করে আসছিল।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে। পলাতক শামীম হোসেনকে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।