স্বামীর মামলা, অভিযুক্ত গ্রেপ্তারে পুলিশের অভিযান
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত গৃহবধূ বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী রোজিনা খাতুন (২৭) রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কবির হোসেনের স্ত্রী। অভিযুক্ত রাসেল হোসেন (২২) একই ইউনিয়নের দোয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং জাহিদুল ইসলাম ওরফে জেহের আলীর ছেলে।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে রোজিনা খাতুন বাড়ির পাশের জমির আইলে রাজহাঁসের বাচ্চাকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় অভিযুক্ত রাসেল হোসেন পেছন থেকে তাকে জাপটে ধরে পাশের একটি ড্রাগন ফলের বাগানের ভেতরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ভুক্তভোগী প্রতিরোধ করলে ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত তার সঙ্গে থাকা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে রোজিনা খাতুনের দুই হাত গুরুতর ভাবে জখম হয়। তার চিৎকার শুনে মেয়ে শিফা খাতুন ও শ্যালিকা তানিয়া খাতুন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরে স্বজনরা আহত অবস্থায় রোজিনা খাতুনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।
এদিকে বিযয়টি নিয়ে এলাকায় ভিন্নমত রয়েছে। অনেকের মতে স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণেও ঘটনাটি ঘটতে পারে।
ভুক্তভোগীর স্বামী কবির হোসেন অভিযোগ করে বলেন,সম্প্রতি তাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং কয়েকদিন আগে তার ওপরও হামলার ঘটনা ঘটে।
সর্বশেষ তার স্ত্রীর ওপর হামলার ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জীবননগর থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।