জীবননগর-উথলী সড়কে ট্রাক্টর-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,আহত-২

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাক্টরের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছেন। রোববার(৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালমারী পশুরহাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলামের বাবা মসলেম উদ্দিন মারা যান।

আহতরা হলেন—সেনেরহুদা বসতিপাড়ার রবিউল ইসলামের ছেলে ফারুক হোসেন(২৮) এবং নিহত আরিফুল ইসলামের বন্ধু সোহেল। আহত দুজনকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,আরিফুল ইসলাম, ফারুক হোসেন ও সোহেল একটি মোটরসাইকেলে করে উথলী এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিয়ালমারী পশুরহাটের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কেরু চিনিকলের একটি ট্রাক্টরের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি ট্রাক্টরের ট্রলির নিচে ঢুকে পড়ে। এতে আরিফুল ইসলাম গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় মারাত্মক আঘাত পান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী সোহেল ও ফারুক হোসেন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুর রহমান জানান,রাত ৮টার কিছু আগে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে আনার আগেই মৃত অবস্থায় পাওয়া যায়। অপর দুইজন আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আরিফুল ইসলামের মামা জিহাদ হোসেন বলেন,বেশ কয়েক বছর আগে আমার বোনের স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। অনেক কষ্ট করে আমার বোন একমাত্র ছেলেকে বড় করেছেন। আজ সেও একইভাবে সড়ক দুর্ঘটনায় মারা গেল। এই শোক আমার বোন কীভাবে সইবে জানি না।

খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এদিকে দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *