জীবননগর হাসাদহে জামায়াতের সংবর্ধনা ও ইফতার মাহফিলে–এমপি রুহুল আমিন

জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট রুহুল আমীনকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার হাসাদাহ মডেল কামিল মাদ্রাসা মাঠে হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সংবর্ধনা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হাসাদাহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান,জেলা নায়েবে আমির আজিজুর রহমান,জেলা আলিমুল বিভাগীয় দায়িত্বশীল মাওলানা মহিউদ্দিন এবং জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাজেদুর রহমান। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমীন বলেন,নির্বাচনের আগে তিনি এলাকার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের জন্য তিনি আন্তরিক ভাবে কাজ করতে চান। তিনি বলেন,জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, যেন আমি আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নমূলক কাজ করে যেতে পারি।”


তিনি আরও বলেন,এলাকার শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন হাসাদাহ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লাল্টু মিয়া। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এই আয়োজনের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *