জীবননগর মাধবখালীতে কবরস্থানের রাস্তা ও গেট নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, তিন নারীসহ আহত ১২ থানায় পাল্টাপাল্টি মামলা

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের খানপাড়া কবরস্থানে যাওয়ার রাস্তা এবং কবরস্থানের ফটকের গেট নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৯মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাধবখালী গ্রামের পশ্চিমপাড়া ও খাঁনপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,কয়েক বছর আগে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী খাঁনপাড়া এলাকার মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে একই গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দারা আলাদা একটি নতুন মসজিদ নির্মাণ করেন। তবে দুই পাড়ার মানুষের জন্য একটি কবরস্থানই ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি কবরস্থানে যাতায়াত সহজ করতে একটি রাস্তা ও কবরস্থানের প্রধান ফটকে একটি সুদর্শনীয় গেট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এ সময় অভিযোগ ওঠে,রাস্তা তৈরির জন্য খাঁনপাড়া মসজিদের সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়টি নিয়ে সোমবার ইফতারের পর দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে খানজাহান আলী (৪৫) গুরুতর আহত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।

অন্য আহতদের মধ্যে লিখন (১৮),আশরাফুল (৪২),রোজিনা,তানজিন (৩২),নাজমুন নাহার নাজু(৫২),আব্দুস সামাদ খান,উকিল উদ্দিন,সাংবাদিক রাজেদুল ইসলাম ও খানজাহান আলীসহ আরও কয়েকজন রয়েছেন। তারা সবাই মাধবখালী গ্রামের বাসিন্দা।এসব আহতরা জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেন।

আহত সাংবাদিক রাজেদুল ইসলাম বলেন,আমি মুলত: ঘটনার সময় দু’পক্ষকে ঘটনা থেকে নিবৃত করতে গিয়ে উল্টা প্রতিপক্ষের রোষানলের শিকার হয়েছি। ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ওয়ার্ড মেম্বার আমিনুল সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মাধবখালী খানপাড়া মসজিদ ও গোরস্থানের আধিপাত্য নিয়ে দু’পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

যে,কারণে নতুন করে একই গ্রামে আরো একটি মসজিদ নির্মান করা হয়েছে। তবে একই কবরস্থানে উভয়পক্ষের লাশ দাফন করা হয়।একই কবরস্থানে পাশে খানপাড়ার পারিবারিক কবরস্থানে যাতায়াতের রাস্তা ও গেট নির্মানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে নতুন করে সৃষ্ট ঘটনায় এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে।তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সোলায়মান সেখ জানান,খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা দিয়েছেন।তবেতদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের গ্রেফতার করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *