জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার উথলী গ্রামের পশ্চিমপাড়ায় অবস্থিত বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা বিভাগের পরিদর্শক মো. বদরুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, মাদক বর্তমানে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাদকের ভয়াবহ প্রভাবে বিশেষ করে তরুণ ও যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। পাশাপাশি কোনো ব্যক্তি যদি গোপনে মাদক ব্যবসা বা মাদক সেবনের সঙ্গে জড়িত থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জর্জ কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হুসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়তুল মা’মুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল হক পবন, সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন, অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদুর রহমান এবং মসজিদের খতিব আব্দুস সাত্তার।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং পরে উপস্থিত সবার মধ্যে ইফতার বিতরণ করা হয়।
সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।