আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঝিনাইদহে সেমাই কারখানায় সাঁড়াশি অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে শহরের একটি সেমাই উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে বাজারজাত করার লক্ষ্যে ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছিল। পরিদর্শনকালে দেখা যায়, কারখানাটিতে বিএসটিআই (BSTI) অনুমোদনের কাগজপত্রে গুরুতর অসংগতি রয়েছে। এছাড়া ভবিষ্যতে বাজারজাত করা হবে এমন পণ্যের মোড়কে অগ্রিম তারিখ লিখে রাখা হয়েছে। কারখানায় কর্মরত শ্রমিকদের কোনো স্বাস্থ্যসনদ ছিল না এবং চরম নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করা হচ্ছিল।
অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, ‘ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান। ঈদকে পুঁজি করে কেউ যাতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য জেলাজুড়ে আমাদের তদারকি অব্যাহত থাকবে।’
নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কোনো ছাড় দেওয়া হবে না। নিয়ম লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।