জীবননগর সীমান্ত ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ১০ কেজির বদলে কম পাচ্ছেন উপকারভোগীরা

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক উপকারভোগীর জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও বাস্তবে অনেকেই কম চাল পাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, চাল বিতরণের সময় উপকারভোগীদের ১০ কেজির পরিবর্তে প্রায় ৯ কেজি ৬৯০ গ্রাম থেকে ৯ কেজি ৭০০ গ্রাম করে চাল দেওয়া হচ্ছে। এতে করে উপকারভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করছেন।
বর্তমানে সীমান্ত ইউনিয়ন পরিষদে কোনো নির্বাচিত চেয়ারম্যান না থাকায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল অস্থায়ীভাবে প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তার উপস্থিতিতেই এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল বলেন, “বস্তায় চাল কিছুটা কম থাকে। তাই বিতরণ করতে গিয়ে সামান্য কম হয়ে যাচ্ছে। সে কারণেই এভাবে চাল দেওয়া হচ্ছে।”
এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদের সচিব শাহাজান আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোনে সাড়া দেননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করেই চাল দেওয়ার কথা। এর কম দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *