জীবননগর কাশিপুরে মাইক্রোবাসে করে খাসি ছাগল চুরি এলাকায় চাঞ্চল্য

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর উত্তরপাড়ায় একটি ছদ্মবেশী চোরচক্রের সদস্যরা মাইক্রোবাসে করে এক কৃষকের একটি খাসি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার কাশিপুর উত্তরপাড়া গ্রামের জেকের বিশ্বাসের ছেলে হাসিবুল বিশ্বাস জানান,শুক্রবার(১৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে তার একটি কালো রঙের খাসি ছাগল বাড়ির সংলগ্ন পিচঢালা রাস্তায় চলাফেরা করছিল। ছাগলটির শিং ছোট এবং কান লম্বা ছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা।

এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়,একটি নীল (ব্লু) রঙের মাইক্রোবাস ঘটনাস্থলে এসে থামে। ওই মাইক্রোবাসে একজন অজ্ঞাত ড্রাইভার এবং বোরকা পরিহিত এক নারী ছিলেন। তারা কৌশলে রাস্তায় চলাফেরা করা ছাগলটিকে মাইক্রোবাসে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দেহাটি এলাকার দিকে চলে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগী ও স্থানীয় লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও মাইক্রোবাস কিংবা ছাগলটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মো: হাসিবুল বিশ্বাস জানান,ঘটনার পর আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও কোনো সন্ধান পাইনি। সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একটি মাইক্রোবাসে করে ছাগলটি নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার বিষয়ে এলাকার বেশ কয়েকজন প্রতিবেশী অবগত আছেন এবং তারা বিষয়টি দেখেছেন ও শুনেছেন। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজেও ছাগল চুরির দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। তিনি আশা প্রকাশ করেন,সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে তদন্ত করে চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।স্থানীয়রা জানান,এলাকায় এ ধরনের চুরির ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

কেডিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মিলন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বর্তমানে এলাকায় নানা কৌশলে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে এ ব্যাপারে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ইতিমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোর শনাক্তের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *