জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে অগ্রজ লেখক পরিবারের উদ্যোগে ঋতুভিত্তিক সৃজনশীল সাহিত্য সাময়িকী “বুনন”-এর প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যা (শীত সংখ্যা) এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জীবননগরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজাউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. নাহিদ হাসান এবং সভাপতিত্ব করেন আজিজ হোসেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বুনন” কেবল একটি সাহিত্য সাময়িকী নয়, এটি স্থানীয় লেখক-সাহিত্যিকদের সৃজনশীল প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশেষ করে তরুণ লেখকদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সিরাজুল ইসলাম, রাশেদুজ্জামান দুলাল, রিকাবুল ইসলাম, উজ্জ্বল উদ্দিন, খোকন বিশ্বাস, রোকনুজ্জামান, তাপসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, লেখক ও সাহিত্য অনুরাগীরা।
বক্তারা সাময়িকীটির নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখা, লেখার মান উন্নয়ন এবং নতুন লেখকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন,স্থানীয় পর্যায়ে সাহিত্যচর্চা জোরদার করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে “বুনন” শীত সংখ্যার মোড়ক উন্মোচন করেন। পরে সাময়িকীতে প্রকাশিত বিভিন্ন লেখা,এর সম্পাদনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়, যা জীবননগরের সাহিত্যাঙ্গনে নতুন উদ্দীপনা সঞ্চার করবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন