জীবননগরে ডিবির অভিযান, নেশাজাতীয় সিরাপ ও মদসহ মানিকপুরের শওকত গ্রেফতার

জীবননগর অফিস:

জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘উইনসেরেক্স’ ও ‘ব্ল্যাক হান্ট’ মদসহ শওকত হোসেন নামের একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। বুধবার (১৮ই মার্চ) বিকালে উপজেলার মানিকপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে আটক করা হয়। আটক শওকত হোসেন (৪৫) মানিকপুর গ্রামের মসজিদপাড়ার মৃত মোলাম মালিতার ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ জানান, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে শওকত হোসেনের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শওকত হোসেনকে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উইনসেরেক্স ও ৩ বোতল ব্ল্যাক হান্ট মদ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক শওকত হোসেনের স্বীকারোক্তি মোতাবেক পরবর্তীতে নজরুল ইসলাম নজুর বাড়িতে অভিযান চালিয়ে তার শয়নকক্ষ হতে উদ্ধার করা হয় ১০০ বোতল উইনসেরেক্স। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে নজু ও তার আপন চাচাতো ভাই রাজা কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় শওকত হোসেনকে আটক এবং নজু ও রাজাকে পলাতক দেখিয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *