জীবননগর অফিস:
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ পারাপার রোধে ধারাবাহিক অভিযান জোরদার করেছে। গত ১৭ ও ১৮ মার্চ ২০২৬ তারিখে পরিচালিত একাধিক অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
প্রথম ঘটনায়, ১৭ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ১৭৩০ ঘটিকায় রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৪-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর হালদারপাড়া গ্রামের বাবু হালদারের আম বাগানে নায়েব সুবেদার তাপস সরকারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোনো আসামি পাওয়া না গেলেও ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
দ্বিতীয় ঘটনায়, ১৮ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৪৩০ ঘটিকায় যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৪৯/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর গ্রামের মোঃ শুকুরের ড্রাগন ফলের ক্ষেত সংলগ্ন এলাকায় হাবিলদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় আসামীবিহীন অবস্থায় ৩ বোতল ভারতীয় মদ, ১৫ বোতল মাদক সিরাপ এবং ৩৯৬ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।
তৃতীয় ঘটনায়, ১৭ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ১৫৪০ ঘটিকায় শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/৮-আর হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মাঠে মোঃ আনোয়ারের কলাবাগানে হাবিলদার গোবিন্দ কুমারের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় ইমিটেশন পণ্য উদ্ধার করা হয়, তবে কোনো আসামি আটক করা সম্ভব হয়নি।
চতুর্থ ঘটনায়, ১৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৭৫৫ ঘটিকায় শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১-এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের সাধন কুমারের কলাবাগানে নিয়মিত টহলের সময় নায়েব সুবেদার মোঃ রমজান আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ২ জন বাংলাদেশি নাগরিক (একজন নারী ও একজন শিশু) আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ পারাপার রোধে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।