শহিদুল ইসলাম,মহেশপুর সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ইটভাটার ট্রাক্টরের চাপায় নুহু মন্ডল (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা-খোশালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুহু মন্ডল বাঘাডাঙ্গা গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে নুহু মন্ডল সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় খোশালপুর মোড় এলাকায় অবস্থিত সুলতান ইটভাটার একটি ট্রাক্টর পেছন দিক থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেন।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ইটভাটার ট্রাক্টরগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে,যার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মৃত্যুকালে নুহু মন্ডল স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।